ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। পরিবারের প্রধান নারী পাবেন এ-কার্ড। একইসঙ্গে দেয়া হবে কৃষক কার্ড।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তরুণদের নানা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা। শহরের উন্নয়ন বা পরিচ্ছন্ন রাখার জন্যও গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন।’
তিনি বলেন, ‘বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি।’
এসময় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দেশের আনাচে কানাচে ঘুরে এবং গত ১৭ বছর সময়জুড়ে দেশকে নিয়ে ভাবনা থেকেই এসব পরিকল্পনার কথা ভেবেছেন তিনি।








