দেশে সম্ভাব্য টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ। সংস্থাটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া অন্তত পাঁচটি চিঠিতে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিল। পাশাপাশি ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে একই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
আজ বুধবার (২০ মে) দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রানা ফ্লাওয়ার্স জানান, টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনার কারণে দেশে সময়মতো টিকা পৌঁছায়নি বলে ইউনিসেফ মনে করে। তবে তিনি বলেন, ভালো খবর হলো, হাম নিয়ন্ত্রণে ১ কোটি ৮০ লাখের বেশি শিশু ইতোমধ্যে হামের টিকা পেয়েছে।
দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে টিকা সংকটের কারণ, সংকট কাটিয়ে উঠতে ইউনিসেফের ভূমিকা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে করণীয় নিয়ে কথা বলেন রানা ফ্লাওয়ার্স। তিনি বারবার উল্লেখ করেন, হামে শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক।
টিকা সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকারের উদ্যোগকে স্বাগত জানান ইউনিসেফ প্রতিনিধি। তদন্তে ইউনিসেফ সহায়তা করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রানা ফ্লাওয়ার্স বলেন, “ইউনিসেফ সব সময় সত্যের পক্ষে।”
তিনি বলেন, সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা কিনতে পারে। তবে টিকার মজুত নিশ্চিত রাখা অত্যন্ত জরুরি। উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। অন্যদিকে ইউনিসেফের মাধ্যমে তুলনামূলক দ্রুত টিকা সংগ্রহ করা সম্ভব।
চলতি বছর দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার নিয়েছে। এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। এই ভাইরাসে ইতোমধ্যে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে হামে এত বেশি মৃত্যুর ঘটনা আগে দেখা যায়নি।
গত আড়াই দশকে দেশে কখনো হামের সংক্রমণ ৫০ হাজার ছাড়ায়নি। এর আগে ২০০৫ সালে সর্বোচ্চ ২৫ হাজার ৯৩৪ জন রোগী শনাক্ত হয়েছিল। এরপর সংক্রমণ কমে আসে। ২০২৫ সালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ১৩২। এর আগের পাঁচ বছরে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ২ হাজার ৪১০, ২০৩, ৩১১, ২৮১ ও ২৪৭। ওই সময়ে হামে মৃত্যুর ঘটনা ছিল না।
চলতি বছরের জানুয়ারি থেকে দেশে হামের প্রকোপ বাড়তে শুরু করে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকাদানে গাফিলতি এবং টিকা সংগ্রহে বিলম্ব এই মারাত্মক প্রাদুর্ভাবের অন্যতম কারণ হতে পারে।
এর আগে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হাম পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ।








