জামায়াতের নেতাকর্মীদের আরও সতর্কভাবে চলাফেরা ও লেনদেন করার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন জামায়াতকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে, তাই দলের প্রতিটি নেতাকর্মী জনগণের কড়া নজরদারিতে রয়েছেন।
আজ শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দুইটা সার্চলাইট এখন আপনাদের দিকে তাক করা আছে—একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড়ে সামান্য দাগ লাগলেও সেটা বেশি দৃশ্যমান হয়। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে।’
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে দেশ, জাতি ও দ্বীন নিরাপদ থাকবে। এজন্য নেতাকর্মীদের আগের চেয়ে আরও বেশি সতর্কতার সঙ্গে আচরণ ও লেনদেন করার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, ‘আগে কেউ ভাবত না জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে। এখন অনেকেই সেটা মনে করে। তাই আপনাদের প্রত্যেককে সার্চলাইট দিয়ে দেখা হবে। শরীরের একটি লোমকূপও নজরদারির বাইরে থাকবে না।’
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান বেলাল এমপিসহ কেন্দ্রীয় নেতারা।
এর আগে সকালে একদিনের সফরে রংপুর পৌঁছালে সার্কিট হাউজে জামায়াত আমিরকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে অংশ নেন।








