রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের মেধাবী শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচিতে অংশ নেন।
সকালে রামিসার বাসভবনের সামনে থেকে ‘মিরপুর এ এইচ মডেল স্কুল’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিরপুর-১১ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেয়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘জাস্টিস ফর রামিসা’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করা হয়।
বিক্ষোভে সংহতি প্রকাশ করে মিরপুর এ এইচ মডেল স্কুলের শিক্ষকরা জানান, এমন নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভবিষ্যতে আর কোনো শিশু যেন এমন পরিস্থিতির শিকার না হয়, সেজন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়বে, যা শিশুদের স্বাভাবিক শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করতে পারে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এ মামলার নিষ্পত্তির জোর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেয়া অভিভাবকরা স্থানীয় এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা সচল না থাকায় এবং কার্যকর নিরাপত্তা জোরদার না করায় অপরাধমূলক ঘটনা বাড়ছে। সন্তানদের নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে পুরো এলাকায় কঠোর নজরদারি ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তারা।
প্রসঙ্গত, রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। আন্দোলনকারীরা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।








