“নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং CIPRB ও UNFPA Bangladesh এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র্যালি শেষে পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা। সঞ্চালনা করেন সিআইপিআরবি’র জেলা ফিস্টুলা ও এমপিডিএসআর কো-অর্ডিনেটর শারমিনা পারভীন।
বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবাল সরকার পার্থ, মেডিকেল অফিসার ডা. সাগর সাহা সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা নারীদের একটি মারাত্মক ও স্পর্শকাতর স্বাস্থ্য সমস্যা। সময়মতো দক্ষ স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে এ রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তারা আরও বলেন, সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ফিস্টুলা মুক্ত করার লক্ষ্য অর্জন সম্ভব হবে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, CIPRB ও UNFPA Bangladesh এর প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








