জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের আর তওবা করার সুযোগও নেই।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা জানেন, কেয়ামতের পরে তওবা কাজে লাগে না। আওয়ামী লীগ যদি ফেরে, তার পরিণতি কি হবে, তা আপনারা গোপালগঞ্জে দেখেছেন।
তিনি বলেন, যে বুদ্ধিজীবীরা পয়সার জন্য হাসিনার সময় মগজ বিক্রি করেছিলো, যারা কলম বিক্রি করেছিলো। যাদের জিহ্বা এ গণহত্যার পক্ষে কথা বলেছে, তারা হচ্ছে জ্ঞানপাপী। এদের দিয়ে বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি।
এনসিপির এ আর নেতা বলেন, গত পরশু আমাদের ওপর হামলা হয়েছিলো। যারা এ হামলার পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেডলিস্টে তারা নেই। আওয়ামী লীগ বলে, তারা ফিরলে তাদের নিয়ে বাংলাদেশ গড়বে। আওয়ামী লীগের ডেডলিস্টে আছি আমরা।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সঙ্গে আপনাদের ব্যবসাপাতি ছিলো, আপনাদের আত্মীয়তার সম্পর্ক, আওয়ামী লীগের মন্ত্রী কারও কারও মেয়ের জামাই। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে আনে। আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি আওয়ামী লীগের সঙ্গে সুশীলতা দেখাবো না।








