শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে এখন পর্যন্ত অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আজ রোববার (১১ মে) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি ছিল সরকারি এবং যাত্রীরা সবাই ছিলেন বৌদ্ধ তীর্থযাত্রী। আজ রোববার ভোরে বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিল।
এছাড়া বাসটি তার ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল বলেও জানা গেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটির মোট যাত্রীসাধারণ ক্ষমতা ছিল ৫০ জন, কিন্তু দুর্ঘটনার সময় সেখানে মোট যাত্রী ছিলেন প্রায় ৭০ জন।
এএফপিকে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দু’টি কারণে দুর্ঘটনা ঘটতে পারে— হয় বাসটিতে ত্রুটি ছিল, অথবা চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”








