মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি এই মুহূর্তে উন্মুক্ত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলেই এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই পরিস্থিতির জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ইরানের বন্দরগুলোকে কার্যত অচল করে দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার শামিল। একই সঙ্গে ইসরায়েল সব ফ্রন্টে যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনার পথ এখনই বন্ধ হয়ে যায়নি উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান এখনো আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী। তবে শর্ত হিসেবে তিনি চুক্তি ভঙ্গ, অবরোধ এবং হুমকির সংস্কৃতি বন্ধ করার ওপর জোর দেন। তার মতে, এসবই গঠনমূলক আলোচনার প্রধান অন্তরায়।
এদিকে চলতি সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি আলোচনা শুরুর গুঞ্জন থাকলেও তা এখনও আলোর মুখ দেখেনি। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বর্তমানে নিজ দেশেই অবস্থান করছেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভভ্যাট এক বিবৃতিতে জানান, এই সম্প্রসারণের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের ওপর চলমান নৌ-অবরোধের কার্যকারিতায় ট্রাম্প প্রশাসন সন্তুষ্ট এবং মার্কিন জনগণের স্বার্থ বিবেচনা করে প্রেসিডেন্ট নিজেই যুদ্ধের সমাপ্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালিতে দুটি কার্গো জাহাজ ‘তল্লাশির জন্য’ জব্দ করার কথা জানিয়েছে ইরান। এর আগে ওই এলাকায় তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, জাহাজগুলো নিয়ম অমান্য করে এবং নেভিগেশন সিস্টেমে কারসাজি করে গোপনে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালির এই অচলাবস্থা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।








