দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার, তার সব করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সেনাপ্রধান বলেন, আমরা সব সময় ধর্ম-বর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম-গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। এটারই একটি প্রতিফলন আজকের অনুষ্ঠান।
তিনি বলেন, গৌতম বুদ্ধের যে নীতি; অহিংসবাদ সম্প্রীতি, হিংসা-বিদ্বেষবিহীন দেশ, সেটাই আমরা গড়ে তুলতে চাই। এখানে আমরা সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করবো, সেই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, যৌবনের বড় একটা সময় আমি পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। বিভিন্ন মত থাকলেও একে অপরকে শ্রদ্ধার মনোভাব থাকতে হবে।








