ঈদুল ফিতরের টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো আগামীকাল রোববার থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা।
আজ শনিবার সকালে কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে গেলে ফিরতি মানুষের চাপ দেখা যায়। এদের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল থেকে অনেকেই কর্মের তাগিদে আরামদায়ক নৌপথে ফিরে আসছেন। ভোর থেকেই যাত্রীবোঝাই লঞ্চ ভিড়তে শুরু করেছে।
এদিকে, সকাল থেকেই বিভিন্ন জেলার বাস টার্মিনাল ও রেলস্টেশনে ভিড় করছেন মানুষ। টার্মিনালে একের পর এক প্রবেশ করছে দূর-পাল্লার বাস, সেখান থেকে নামছেন অনেক যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়ায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরেছেন ঘরমুখো মানুষরা।
তবে, কোথাও কোথাও অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়ের। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








