তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বড় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়। রাজ্যের ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে তার সরকার।
মঙ্গলবার (১২ মে) জারি করা এক সরকারি আদেশে বলা হয়েছে, ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে হবে অথবা পুরোপুরি বন্ধ করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (তাসম্যাক) পরিচালিত দোকানগুলো এ সিদ্ধান্তের আওতায় এসেছে।
তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট চার হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। বন্ধের তালিকায় থাকা দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত।
দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজয়ের এই সিদ্ধান্তকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরছে তার সরকার। তবে তাসম্যাক রাজ্যের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস হওয়ায় এ সিদ্ধান্তে সরকারি আয় কতটা কমবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।








