শেরপুরের নকলা উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করবে এবং তরুণদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়াপ্রেমী, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নকলা পৌরসভা কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে সহযোগিতায় রয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ও নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।








