যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে কয়েকটি উনো কার্ড। হাসিমুখে দাঁড়িয়ে আছেন তিনি। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ট্রাম্প।
হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকে আজ সোমবার (৪ মে) ট্রাম্পের ওই পোস্ট শেয়ার করা হয়েছে। কোনো ক্যাপশন ছাড়া পোস্ট করা ওই ছবির নিচে লেখা হয়েছে, ‘সব কার্ড আমার হাতে।’
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোনো বাড়তি মন্তব্য ছাড়াই পোস্ট করা এই ছবিটি একটি বিশেষ বার্তা বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের প্রতি এটি ট্রাম্পের বিশেষ বার্তা বলে ধারণা করা হচ্ছে।
এর আগে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার থেকে এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি।
গতকাল রোববার দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এ উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই কার্যক্রমে কোনো ধরনের বাধা দেওয়া হলে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে বলে সতর্ক করেছেন তিনি।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা অনেক জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। এতে জাহাজে থাকা নাবিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, কয়েক মাস ধরে চলমান সংঘাতের মধ্যে এই উদ্যোগ সদিচ্ছার নিদর্শন হিসেবে কাজ করতে পারে। তবে এতে কোনো হস্তক্ষেপ করা হলে তা শক্ত হাতে দমন করা হবে।








