শেরপুর জেলার নকলা উপজেলায় ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান মধ্যপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন রং ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা একই সঙ্গে বিপুল পরিমাণ ক্ষতিকর রং মিশ্রিত আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিকভাবে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক, স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের ভেজাল ও জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানানো হয়।








