মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে জীবন শেষ করে দেয়াসহ একাধিক অভিযোগ উঠেছে। নির্মাতা ও সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর এসব অভিযোগ তুলেছেন দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ এবং অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে তিনি বলেন, ফারুকীর কর্মকাণ্ডের কারণে অনেক শিল্পীর পেশাগত জীবন ও ব্যক্তিগত সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশের বাইরে অবস্থানরত এই অভিনেত্রী ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েন এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নিজের ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। লাইভ চলাকালে অরুণা বিশ্বাস সরাসরি ফারুকীকে আক্রমণ করে বলেন, কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছে। ফারুকী মনে করছে, সে জিতে গেছে, কিন্তু সে জীবনেও জিততে পারবে না। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট চক্রের কারণে যোগ্য শিল্পীরা তাদের কাজের অধিকার হারিয়েছেন।
কাজের সুযোগ থেকে বঞ্চিত হওয়া, অর্থ ও প্রভাবের ব্যবহার, এমনকি নাগরিক অধিকার হরণের মতো একাধিক গুরুতর অভিযোগ তোলেন মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে।
নিজের দেশত্যাগের বিষয়টি উল্লেখ করে অরুণা বিশ্বাস বলেন, তাকে কেউ সরাসরি চলে যেতে বলেনি, বরং পরিস্থিতির চাপে পড়ে তিনি দেশ ছেড়েছেন। যাওয়ার সময় বিমানবন্দরে তাকে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ তোলেন।
দীর্ঘ ৩০ বছর ধরে কানাডার নাগরিকত্ব থাকার বিষয়টি উল্লেখ করে অরুণা বিশ্বাস স্পষ্ট করেন, তিনি পালিয়ে যাননি। তার ভাষ্যমতে, পাসপোর্ট ও বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাকে কেন দেশ ছাড়ার সময় হেনস্তার শিকার হতে হলো, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ফারুকী ও তার স্ত্রীর আচরণ নিয়েও তিনি তার লাইভে অসন্তোষ প্রকাশ করেন। তবে এখন পর্যন্ত অরুণা বিশ্বাসের এই মন্তব্যের প্রেক্ষিতে মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








