বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। তবে মাঠের ক্যারিয়ার এখনো শেষ হয়ে যায়নি, এমনটাই বিশ্বাস এই সাবেক অধিনায়কের। ক্রিকেট অধ্যায় শেষ করেই আবার রাজনীতির মঞ্চে ফেরার পরিকল্পনা তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, রাজনীতিতে ফিরলে তিনি আবারও আওয়ামী লীগের হয়েই কাজ করতে চান। এ বিষয়ে তিনি বলেন, ‘সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে?’
দল পরিবর্তন প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, ‘আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।’
বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এই পরিস্থিতি স্থায়ী হবে না বলেই মনে করেন সাকিব। তিনি বলেন, ‘এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানিয়ে তিনি আরও বলেন, ‘হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন। কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না।’








