ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নারী প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সানজিদা ইসলাম তুলি দীর্ঘদিন ধরে গুম ও বিচারবহির্ভূত নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত এবং গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন।
২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সুমন নিখোঁজ হন। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তুলি সক্রিয়ভাবে গুমবিরোধী আন্দোলনে যুক্ত হন এবং ধীরে ধীরে মানবাধিকার ও ন্যায়বিচারের দাবিতে একটি পরিচিত কণ্ঠ হয়ে ওঠেন।
তিনি গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এই সংগঠনের মাধ্যমে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার ফোরামে গুমের শিকার পরিবারের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেছেন।
রাজনৈতিক অঙ্গনে সানজিদা ইসলাম তুলির পরিচিতি তুলনামূলক নতুন হলেও তার সামাজিক ও মানবাধিকার আন্দোলনের ভূমিকা তাকে তরুণ প্রজন্ম ও তৃণমূল পর্যায়ে আলোচনায় নিয়ে এসেছে।
এর আগে তিনি নির্বাচনী রাজনীতিতেও অংশ নেন। গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী, যিনি বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনের ফলাফল নিয়ে তখন ভোট জালিয়াতির অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবিও জানান তিনি।
এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার মাধ্যমে সানজিদা ইসলাম তুলির রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় সামাজিক আন্দোলনে সক্রিয়তা, মানবাধিকার ইস্যুতে ভূমিকা এবং সংগঠনিক কার্যক্রম বিবেচনায় নেওয়া হয়েছে।








