জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পূর্ব আমুট্র এলাকার সংরক্ষিত নারী আসনের এমপি মাহফুজা সুলতানা মলির বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে।
রোববার রাতে এ চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে চুরি যাওয়া এমপি মাহফুজা সুলতানার বাড়ি পরিদর্শন করেছে থানা-পুলিশ ও জেলা ডিবি পুলিশ।
সরেজমিন দেখা যায়, মাহফুজা সুলতানার মলির পূর্ব আমুট্ট মহল্লার বাসার দ্বিতীয় তলার বেলকুনির গ্রিল ভাঙা রয়েছে। দ্বিতীয় তলার তিনটি কক্ষের আসবাবপত্র ভাঙা রয়েছে। ঘরের মেঝেতে কাপড়-চোপড়সহ অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
জানা গেছে, এমপি মাহফুজা সুলতানা মলি ঢাকায় থাকেন। তিনি তার এক প্রতিবেশীকে বাসার দেখভালের দায়িত্বে রেখেছিলেন। রোববার রাতে ওই প্রতিবেশীর পুত্র ও পুত্রবধূর এমপি মাহফুজা সুলতানার বাড়ির নিচতলার একটি কক্ষে ছিলেন। সোমবার সকালে তারা স্বামী-স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে ওয়াশ রুমে যাওয়ার চেষ্টা করেন। বাইরে থেকে তাদের ঘরের দরজার সিটকানী বন্ধ থাকায় তারা বিকল্প দরজা দিয়ে বাইরে এসে নিচতলার ঘরের দরজার সিটকানী ভাঙা ও ভেতরে আসবাবপত্র তছনছ অবস্থায় দেখেন। এরপর তারা প্রতিবেশী ও স্বজনদের খবর দেন। প্রতিবেশী ও স্বজনেরা এসে দ্বিতীয় তলার গিয়ে তিনটি ও নিচতলার দুটি কক্ষের আসবাবপত্র ভাঙা ও জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন বলেন, রোববার রাতে আমার ওয়ার্ডের পূর্ব আমুট্ট মহল্লার বাসিন্দা এমপি মাহফুজা সুলতানার মলির বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। সোমবার সকালে ঘটনাটি জানতে পেরে সংসদ সদস্যের বাসায় গিয়েছিলাম। বাসার দ্বিতীয় তলার তিনটি কক্ষ ও নিচতলায় এমপির ছেলে দ্বীপের ঘুমানোর ঘরের দুটি কক্ষের আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়েছে। বাসায় দ্বিতীয় তলার একটি কক্ষের আলমারিতে এক লাখ টাকা, দুই ভরি স্বর্ণলঙ্কার ও নিচতলার ছেলের কক্ষ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা থাকার কথা এমপি মাহফুজা সুলতানা মলি আমাকে জানিয়েছিলেন। আমরা সেই টাকা ও স্বর্ণালঙ্কার পাইনি। থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে এসেছে। এমপির ছেলে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি বাড়িতে আসার পর চুরি যাওয়া মালামালের প্রকৃত তথ্য জানা যাবে।
এমপি মাহফুজা সুলতানা মলি বলেন, বাসায় চুরি হয়েছে বলে জানতে পেরেছি। চোরেরা নিচতলা দুটি ও দ্বিতীয় তলার তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করেছে। বাসায় ল্যাপটপ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান অনেক জিনিসপত্র ছিল। বাসা থেকে কি কি জিনিস চুরি হয়েছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমার ছেলে বাসায় যাচ্ছে। সে বাসায় গিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেবে।
ডিবির ওসি শাহেদ আল মামুন বলেন, এমপি মাহফুজা সুলতানার বাসা গিয়েছিলাম। চুরির রহস্য উদঘাটনে কাজ করছি।
আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন বলেন, এমপি মাহফুজা সুলতানা মলির বাসা চুরি ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। পুলিশ চুরির রহস্য উদঘাটনে তৎপরতা চালাচ্ছে।








