রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৬ মে) সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়, যা কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি করে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬ এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছিল। এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হালকা কম্পন অনুভূত হওয়ায় অনেকেই নিরাপত্তার জন্য ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।








