সামাজিক মাধ্যমে সিঁদুর ও মঙ্গলসূত্র পরা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর কঙ্গনা রানাউতকে ঘিরে শুরু হয় গোপন বিয়ের জল্পনা। তবে অভিনেত্রী জানান, এটি কেবল শুটিংয়ের চরিত্রের সাজ, বাস্তবে তিনি বিয়ে করেননি।
বলিউড অভিনেত্রী Kangana Ranaut-কে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরে দেখা যায়। এরপরই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়, গোপনে বিয়ে করেছেন কি না অভিনেত্রী।
ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন কঙ্গনা নিজেই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই লুকের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী জানান, তিনি বর্তমানে বিভিন্ন জায়গায় শুটিং করছেন এবং এটি একটি চরিত্রের অংশ হিসেবেই ধারণ করা হয়েছে।
কঙ্গনা লেখেন, ‘প্রতিদিন আমি শহরের এদিক-ওদিক শুটিং করছি। নির্দিষ্ট চরিত্রের সাজসজ্জাসহ কেউ একজন এই ছবি তুলেছেন। এরপর থেকেই আমার কাছে একের পর এক ফোন আসছে।’
বিয়ের গুঞ্জন নাকচ করে অভিনেত্রী আরও বলেন, ‘বিবাহিত নারীর সাজ নিয়ে এত কিসের বাড়াবাড়ি? অভিনেতারা তো সব ধরনের চরিত্রেই অভিনয় করেন।’
সবশেষে ভক্তদের আশ্বস্ত করে কঙ্গনা মজার ছলে লেখেন, ‘আমি গোপনে বিয়ে করব না, প্রতিজ্ঞা করছি।’
অভিনেত্রীর এই ব্যাখ্যার পর গোপন বিয়ের জল্পনা অনেকটাই থেমে গেলেও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা এখনো চলছে।








