রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি উৎপাদনের জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে এই লাইসেন্স প্রদান করা হয়েছে।
এতে চলতি এপ্রিলের শেষের দিকে প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রকল্প পরিচালক কবীর হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের জন্য তাদের পক্ষ থেকে আর কোনো বাধা নেই। এখন সরকার উদ্বোধনের তারিখ নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এর আগে নির্ধারিত সময়ের মধ্যে কিছু জটিলতা দেখা দিলেও সেগুলো সমাধান করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই লাইসেন্স প্রদান করা হয়েছে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অগ্নিনিরাপত্তাসহ প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে এবং নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।








