সরকারি বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির সুবিধা বণ্টন নিয়ে বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে সারজিস আলম দাবি করেন, জনগণের করের অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি সহায়তা—যেমন খাদ্য সহায়তার চাল, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড এবং ঈদ উপলক্ষে দেওয়া সহায়তা—এসব সুবিধা নাকি অনেক ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বণ্টন করা হচ্ছে।
তার অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে এসব সুবিধা বিতরণের ক্ষেত্রে বিএনপির উপজেলা পর্যায়ের নেতারা প্রভাব খাটিয়ে নিজেদের সমর্থকদের অগ্রাধিকার দিচ্ছেন। এতে অন্য রাজনৈতিক মতের মানুষ বা প্রকৃত দরিদ্রদের একটি অংশ বঞ্চিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, সরকার কি শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের প্রতিনিধিত্ব করছে, নাকি দেশের সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করছে।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








