ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
আজ রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।








