যশোরের চৌগাছা উপজেলায় অবৈধভাবে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার সলুয়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখার দায়ে দুই দোকান মালিককে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোয়ায়ের হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সলুয়া বাজারের ‘নিজাম স্টোর’ থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়। মজুতদারির অপরাধে দোকানের মালিক নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারের ‘মেসার্স আল আমিন ট্রেডার্স’-এর মালিক আমিন উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমদ জানান, জব্দ করা তেলের মধ্যে পেট্রোল, অকটেন ও ডিজেল রয়েছে। উদ্ধারকৃত এই তেল বর্তমানে চৌগাছার একটি পাম্পে (ফিলিং স্টেশন) জমা রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা এসব জ্বালানি তেল পরবর্তীতে সরকার নির্ধারিত সঠিক মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হবে।
পণ্য মজুতদারি এবং অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।







