রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় বংশানুক্রমিক ও আধিপত্যবাদী রাজনীতির অবসান এবং মেধা-যোগ্যতাভিত্তিক রাজনীতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে আর পরিবারতান্ত্রিক রাজনীতি চলতে পারে না। রাজনীতি হতে হবে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের প্রমাণের ভিত্তিতে।
প্রতিবেশীসহ বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার কথাও উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কোনো অমর্যাদাকর সম্পর্ক চাই না।’
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সব ধর্মের মানুষ, নারী-পুরুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিকদের সমান মর্যাদায় দেখতে চান তারা। সমাজে বিভাজন, হিংসা ও বিদ্বেষের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ১১ দলীয় জোটের স্লোগান হিসেবে তুলে ধরেন—“ঐক্যবদ্ধ বাংলাদেশ”।
ডা. শফিকুর রহমান আরো বলেন, জনগণের ভোট ও সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
সভায় তিনি রাজশাহীতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, সুগার মিল চালু, ডেন্টাল কলেজ স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতিও দেন।
আয়োজকদের দাবি, এই প্রথম রাজশাহীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী-পুরুষের সমন্বয়ে এত বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। দুপুরের মধ্যেই মাদরাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এর আগে তিনি গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার জনসভায় বক্তব্য দেন।








