দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এ পদোন্নতি আটকে আছে এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
রবিবার (২৩ নভেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যে পদগুলো শূন্য থাকবে, সেগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।”









