দীর্ঘ বিরতির পর রাইস ব্র্যান তেল রফতানিতে অনুমতি দিল সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনে মোট ২৩টি প্রতিষ্ঠান ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রফতানি করতে পারবে।
একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি ১০ হাজার মেট্রিক টন রফতানির অনুমতি পেয়েছে মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বগুড়া মাল্টি অয়েল মিলস লিমিটেড।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর এ সংক্রান্ত অনুমোদনপত্র রফতানি-২ শাখা থেকে জারি করা হয়। চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে রাইস ব্র্যান তেল রফতানিতে সরকারের কড়াকড়ি আরোপের পর এবারই প্রথম এই অনুমতি দেওয়া হলো।
সরকার ভোজ্যতেলের ঘাটতি মোকাবিলায় অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে তখন রফতানিতে নিয়ন্ত্রণ আনে এবং রফতানি সম্পূর্ণরূপে অনুমতির আওতায় আনা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বহু মাস ধরেই ব্যবসায়ীরা রফতানির অনুমতি চেয়ে আবেদন করে আসছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই অনুমোদন দেওয়া হয়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রফতানি হয়েছে, যার মাধ্যমে ৯৭৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে এনবিআর রাইস ব্র্যান তেলের রফতানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে।
বাণিজ্য মন্ত্রণালয় রফতানিকারকদের ‘রফতানি নীতি ২০২৪-২৭’ অনুসরণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে অনুমোদিত পরিমাণ রফতানি সম্পন্ন করার শর্তও জুড়ে দিয়েছে মন্ত্রণালয়। নির্ধারিত সীমার অতিরিক্ত রফতানি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়।








