চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) চীন ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে ১২৫ শতাংশ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি শুল্কের কারণে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ আরো জটিল ও ক্ষতিকর রূপ নিতে পারে। এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক সরবরাহ চেইন এবং আন্তর্জাতিক বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
চীনের অর্থ মন্ত্রণালয় কড়া বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্বাভাবিক শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা, অর্থনৈতিক আইন ও সাধারণ বোধকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। এটি একতরফাভাবে জুলুম ও চাপ প্রয়োগ ছাড়া আর কিছু নয়।
বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের মিশন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আরো একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
চীনের ডব্লিউটিও মিশনের এক বিবৃতিতে বলা হয়, ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র এক নির্বাহী আদেশ জারি করে চীনা পণ্যের ওপর তথাকথিত ‘পারস্পরিক শুল্ক’ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর জবাবে চীন ডব্লিউটিও-তে একটি নতুন অভিযোগ জমা দিয়েছে।
সূত্র: রয়টার্স








