পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হয়েছে শনিবার। আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস।
ঈদের আগে অফিস আদালতের শেষ কর্মদিবস ছিল গত ২৭ মার্চ। পরদিন (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। তবে সংবাদপত্র বা অন্যান্য বেসরকারি অফিসে ছুটি শুরু হয় ৩০ মার্চ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা ৯ দিনের ছুটি মেলে। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়।
সরকার গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। ছুটির বিষয়ে ২১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ রোববার অফিস খোলা থাকায় ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সারাদেশের বাস, রেল ও লঞ্চঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা যায়।








