ঢাবির ক্যাম্পাসে নেওয়া হয়নি আরেফিন সিদ্দিককে, আজিমপুরে দাফন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিককে শুক্রবার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের। তবে জানাজা কিংবা ‘শেষ শ্রদ্ধা’ জানানোর জন্য তাকে নেওয়া হয়নি ৪০ বছরের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এক সপ্তাহ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে মারা যান। এরপর রাতেই তার মরদেহ নর্থ রোডের (ভূতের গলি) বাসায় নেওয়া হয়। লাশ রাখা ফ্রিজিং ভ্যানে।
আজ ১৪ মার্চ (শুক্রবার) স্থানীয় সময় বেলা ১১টার দিকে বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে তার জানাজা হয়।
জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানও অংশগ্রহণ করেন। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তবে কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশেষ দোয়া হবে। লাশ কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হল না, এমন প্রশ্ন সাংবাদিকরা করলেও উপাচার্য কোনো উত্তর দেননি।








