জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই। নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি।
তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন। দৈনিক মানবজমিনে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা গেছে। তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। তবে অতীতে দেখা গেছে; খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি-না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরইমধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে।








