মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর বেলা ১টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মামলাগুলো শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন।
দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বার্তা প্রসঙ্গে তিনি বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।
সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে।








