শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যায় আরও দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় এ উপজেলায় গত দুদিনে পাঁচজনের মৃত্যু হলো।
শনিবার (০৫ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরের দিকে তারা দুজন পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ ছিলেন।
সর্বশেষ মারা যাওয়া দুজন হলেন- উপজেলার নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৬)। এর আগে গত শুক্রবার মারা যান তিনজন।
স্থানীয় ইউপি সদস্যের বরাত দিয়ে নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম জানান, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে অভয়পুর গ্রামে বন্যার পানির স্রোতে পড়ে যায় আলমগীর। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গেলে হাতেম আলীও স্রোতে ভেসে যান।
এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৪টার দিকে পাশের এলাকা কুতুবাকুড়া গ্রামে পানিতে দুই ভাইয়ের মরদেহ ভেসে ওঠে।
শুক্রবার (৪ অক্টোবর) যে তিনজনের মৃত্যু হয়েছে তারা হলেন- নালিতাবাড়ী উপজেলার নয়াবীল ইউনিয়নের ইদ্রিস আলী (৬৫), পোড়াগাঁও ইউনিয়নের জহুরা খাতুন (৭০) ও বাঘবেড় ইউনিয়নের অমিজা খাতুন (৪৫)।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, বন্যায় শুক্রবার তিনজন এবং শনিবার দুজনের মৃত্যু হয়েছে। বন্যাদুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আক্রান্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে।














