মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এত ক্ষোভ কেন- এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা যদি কোটা সুবিধা না পায় তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা এ সুবিধা নেবে।
রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে তিন দিনের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নিজেদের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিল তাদের জন্যই আজ আমরা স্বাধীন দেশে বাস করছি। আজকে গলা বাড়িয়ে কথা বলতে পারছি। স্বাধীন না হলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো।
মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন?, এমন প্রশ্ন রেখে সরকারপ্রধান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা দেশ স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছে। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কীভাবে? মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না।
শেখ হাসিনা বলেন, তারা আন্দোলন করছে। আদালতে গেছেন। আবার আমার সিদ্ধান্তের কথাও বলছেন। আমি এ বিষয়ে বলব-বিষয়টি যেহেতু আদালতে গেছে। আদালতের নির্দেশনা তো আমাদের মানতেই হবে। তারা না মানতে চাইলে আন্দোলন করুক। তবে আমি পরিস্কার করে বলছি, আন্দোলনের নামে কোনো সহিংসতা বরদাশত করব না। কেউ উস্কানি দিচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে।








