চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে নিপীড়নের অভিযোগে আটক এক ব্যক্তিকে প্রায় আট ঘণ্টা পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযুক্তকে ঘটনাস্থল থেকে বাকলিয়া থানায় নেওয়া হয়।
এর আগে বিকেল থেকে অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবিতে স্থানীয়রা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় পুলিশ সদস্যরা দীর্ঘ সময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মিডিয়া ও জনসংযোগ আমিনুর রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে কৌশলে অভিযুক্তকে থানায় নেওয়া হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান জানান, অভিযুক্ত মনির হোসেন ওরফে মইন্না স্থানীয় একটি ডেকোরেশন দোকানের কর্মচারী। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর শিশুটির পরিবার অভিযুক্তকে আটক করে বাড়িতে নিয়ে যায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কয়েকশ মানুষ সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় স্থানীয়দের পক্ষ থেকেও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তার প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








