বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এখনো নাম ঘোষণা না করলেও, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় দলের দায়িত্ব নিতে আজ শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচ থমাস ঢুলির।
বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির প্রধান তাবিথ আউয়াল আগেই জানিয়েছিলেন, জাতীয় দলের আসন্ন কন্ডিশনিং ক্যাম্পের শুরু থেকেই নতুন কোচকে দলের সঙ্গে রাখা হবে। আগামী ২৩ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এরপরই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সেই প্রস্তুতি সামনে রেখেই নতুন কোচকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে বাফুফে।
এর আগে জাতীয় দল কমিটির সভায় ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে আনার সম্ভাবনা বাস্তবসম্মত নয় বলে সিদ্ধান্ত হয়। পরে সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের মধ্য থেকে থমাস ঢুলিকে বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে। বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় দল কমিটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন কোচের ঢাকায় আসার বিষয়টি জানানো হয়।
নতুন কোচ আগমনের প্রস্তুতির আভাস মিলেছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই। এদিন বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিদায়ী স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। ক্যাবরেরার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় দলের নতুন অধ্যায়ের জন্য কোচ নিয়োগে কাজ শুরু করে বাফুফে।
ঢাকায় পৌঁছানোর পর থমাস ঢুলিকে একটি স্থানীয় ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে তার পরিচয়পর্ব বা বক্তব্যের সুযোগ রাখা হচ্ছে না। চুক্তি সম্পন্ন হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে বাফুফে।
খেলোয়াড় ও কোচ হিসেবে থমাস ঢুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। খেলোয়াড়ি জীবনে তিনি জার্মান বুন্দেসলিগায় খেলেছেন এবং যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে অংশ নিয়েছেন। ১৯৯৮ বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্র দলকে নেতৃত্বও দেন। কোচিং ক্যারিয়ারে ফিলিপাইন জাতীয় দলকে এশিয়ান কাপে কোয়ালিফাই করানোর সাফল্য রয়েছে তার। সর্বশেষ তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন।
তবে ঢুলির সম্ভাব্য নিয়োগ নিয়ে সমর্থকদের একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। গত দুই দিন ধরে বাফুফে ভবনের সামনে একদল সমর্থক তার নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন। আজও তাদের প্রতিবাদ কর্মসূচি থাকার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন থমাস ঢুলি।








