হামের জন্য জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, হামের টিকা কেন কেনা হয়নি তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি করার প্রক্রিয়া চলছে। হামে কেন শিশুর মৃত্যু হয়েছে, তার সবকিছুই যাচাই-বাছাই করে দেখবে কমিটি। আন্তর্জাতিক ও দেশীয় সমন্বয় করে এটি করা হবে। তবে হাম নিয়ে জরুরি অবস্থার ঘোষণার প্রয়োজন নেই।
তিনি বলেন, কারও বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ পেলে তাকে শাস্তি দেওয়া হবে। এই সরকারের ঘাটতি আছে কিনা তাও দেখা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জ্বালানি সংকট নিরসনে নতুন আরও একটি অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার করা হচ্ছে। বছরে তিন লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা যাবে।
জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, তার লাভ–ক্ষতি যাচাই করা হবে। সরকার নিজস্বভাবে যাচাই করবে;কোথাও রাষ্ট্রের স্বার্থ বিরুদ্ধে কিছু আছে কিনা। ছয় মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করা যাবে। তবে তা করলে বিরূপ প্রভাব পড়তে পারে। সরকার বিষয়টি পর্যালোচনা করবে।








