গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ, জামায়াত বা চরমোনাই থেকে কেউ হুমকি দেয়নি। হুমকি-ধমকি দিচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃতরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের শ্রীনাথ বাজারে ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, এসব না করে দলের সিদ্ধান্ত মেনে ট্রাক প্রতীকে উঠতে হবে। ভবিষ্যতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা হবে।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
নির্বাচন উপলক্ষে বিএনপির অনেক নেতা-কর্মী কষ্ট করছেন উল্লেখ করে তিনি বলেন, তিনি শুধু একটি দলের নয়, দল-মত নির্বিশেষে সবার এমপি হয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে চান।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীক নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।








