যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড । স্থানীয় সময় শুক্রবার (২২ মে) ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় গ্যাবার্ড তাকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তার পদত্যাগ আগামী ৩০ জুন থেকে কার্যকর হবে। খবর:বার্তা সংস্থা রয়টার্স
ঘোষণা অনুযায়ী স্বামীর অসুস্থতার কারণে এ পদক্ষেপ নিচ্ছেনস তিনি। তার স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই কঠিন সময়ে স্বামীর পাশে থাকার জন্যই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা বিভাগের নেতৃত্ব দিতে পারা তার জন্য সম্মানের বিষয় ছিল।
তিনি বলেন, তার স্বামী আব্রাহাম সম্প্রতি বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সামনে তাকে বড় ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে জনসেবার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে স্বামীর পাশে থাকাকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন।
এদিকে এক্সপোস্টে ট্রাম্প জানান, তুলসি গ্যাবার্ড পদত্যাগ করার পর জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদে আসবেন অ্যারন লুকাস, বর্তমানে যিনি উপ-পরিচালকের পদে আছেন।







