বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আপনি ১৭ বছর লন্ডন ছিলেন। আগে অলিগলিতে ঘুরে দেখুন, বাংলাদেশের কোথায় কী আছে জানুন।
আজ বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১১ দলীয় জোটের জামায়াতের মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পথসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
সমাবেশে আসিফ মাহমুদ দাবি করেন, তারা (বিএনপির মনোনীত প্রার্থী কায়কোবাদ) যতবার নির্বাচিত হয়েছে, ততবার ভোটকেন্দ্র দখল করে, টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হয়েছে। শুধুমাত্র তারা ভোটকেন্দ্র দখল করতে পারবে না, এই বিষয়টি নিশ্চিত করা গেলে মুরাদনগর আসন থেকে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বিপুল ভোটে জয়লাভ করবে।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, স্মার্ট এনআইডি কার্ড থাকা সত্ত্বেও শত শত কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই কার্ড পেতে কত টাকা ঘুষ দিতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, কুমিল্লার ওপর তার (হাসিনা) বিশেষ কষ্ট ছিল, যার ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছিল। তবে নিজে সরকারের দায়িত্বে থাকার সময় অনেক উন্নয়ন কাজ হাতে নিয়েছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ।








