বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, রবিবার (২৮ ডিসেম্বর) ১২২.৩০ টাকা দরে ডলার কেনা হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বর মাসে মোট ৯২০ দশমিক ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেনা হয়েছে ৩ হাজার ৪৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাস থেকে বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো, বাজারে ডলারের সরবরাহ বাড়লে তা কিনে নিয়ে দাম অতিরিক্ত কমতে না দেওয়া এবং চাহিদা বাড়লে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা। এর মাধ্যমে মুদ্রাবাজারে বড় ধরনের কোনও অস্থিরতা এড়াতে চাইছে নিয়ন্ত্রক সংস্থা।
তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
ব্যাংকাররা জানান, বর্তমানে ডলারের বাজারে আগের মতো অস্থিরতা নেই। এর প্রধান কারণ হলো— সরকারের বড়ো অঙ্কের বৈদেশিক দেনা পরিশোধের চাপ কমে আসায় মুদ্রাবাজারে স্বস্তি ফিরেছে। দেশে ব্যাবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে স্থবিরতা চলায় মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির এলসি (ঋণপত্র) উল্লেখযোগ্য হারে কমেছে। ডলারের প্রাপ্যতা থাকলেও বিনিয়োগ না থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত অক্টোবর শেষে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ২৩ শতাংশে।








