ঈদযাত্রা স্বাভাবিক ও দুর্ভোগহীন রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ কঠোর দিকনির্দেশনা দিয়েছে। সবচেয়ে বেশি কড়াকড়ি করা হয়েছে মোটরসাইকেল চলাচলে।
প্রতিবার ঈদযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা বেশি ঘটে। এতে যেমন হতাহতের ঘটনা ঘটে, তেমনি প্রাণহানিও অনেক বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল চালকদের কঠোর বার্তা দেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বুধবার (১২ জুন) সেই বার্তার কথা জানিয়েছেন।
নির্দেশনায় কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে। মুনিবুর রহমান বলেছেন, মোটরসাইকেল চালকদের ওপর কড়া নজরদারি রাখা হবে। কারণ, তারা মহাসড়কে বেপরোয়াভাবে চলাচল করেন। এতে যেমন দুর্ঘটনা ঘটে, তেমনি হতাহত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, বিশেষ করে ঈদের সময় মোটরসাইকেল দুর্ঘটনার হার অনেক বেড়ে যায়। সেজন্য বাইক চালকদের এবার নজরদারিতে রাখা হবে। বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








