রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।
বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে এ আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নীরব সময়ে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেয়ার ঘটনা ঘটছে।








