রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে ছাত্রীকে যৌন হয়রানি এবং অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পরিসংখ্যান বিভাগ একটি ‘সত্যানুসন্ধান’ কমিটির মাধ্যমে তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করেন বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি।
আনীত অভিযোগসমূহ অধিকতর অনুসন্ধান ও সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের প্রেক্ষিতে তদন্ত চলাকালীন তাকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে, গত ১৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা এ বিষয়ে বিচার চেয়ে বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এরপর বিভাগ একটি ফ্যাক্টফাইন্ডিং কমিটি গঠন করে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।








