জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট আগামী বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আজ বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন না করায় একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হচ্ছে। ফলে ভোট ছাড়াই এসব প্রার্থী নির্বাচিত হচ্ছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় তাদের গেজেট প্রকাশ করা হবে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছেন।
এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে আদালতের রিটের নিষ্পত্তি করা হবে।
তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের তারিখ ছিল ১২ মে। তবে অতিরিক্ত প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। ফলে বৃহস্পতিবারই গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।








