সরকারবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এর আগে ‘মঞ্চ ৭১’ এর একটি অনুষ্ঠানের পর গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে, একই ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ মামলায়। এবার সেই মামলায় সাবেক সচিব ভুঁইয়া সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হলো।
ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার এক বার্তায় জানায়, ভুঁইয়া সফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ ওই সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, “শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সঙ্গে গোপন আঁতাতের তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।”








