সদ্য গত হওয়া আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের তুলনায় কিছুটা কমে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে। তবে অস্বস্তি রয়ে গেছে খাদ্য মূল্যস্ফীতিতে। এই খাতে মূল্যস্ফীতি জুলাইয়ের তুলনায় কিছুটা বেড়েছে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে, জুলাই মাসে যা ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।
তবে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এই মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশে। জুলাই মাসে যা ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাই মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ থাকলেও আগস্ট মাসে সেটি কমে ৮ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ।
এছাড়া আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশ।








