আমিরের ড্রিম প্রজেক্টের নাম ‘মহাভারত’। শোনা যাচ্ছিল, এই ছবি তৈরির পরই অবসর নেবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তা কি সত্যি?
সম্প্রতি একটি পডকাস্ট শো-এ এসে নিজের ড্রিম প্রজেক্ট সম্পর্কে কিছু কথা শেয়ার করেছেন আমির খান। তবে তাঁর অবসরের গুজবকে নস্যাৎ করে দিয়েছেন তারকা। জানিয়েছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।
সম্প্রতি তাঁর পরবর্তী ছবি ‘সিতারে জমিন পার’-এর প্রচার নিয়ে ব্যস্ত আছেন আমির খান। নানা সাক্ষাৎকারে তাঁর নানা বক্তব্য হেডলাইন তৈরি করছে। তেমনই এক সাক্ষাৎকার পর্বে আমির জানিয়েছেন, এখনই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা তিনি ভাবছেন না।
এমনটা শোনা গিয়েছিল, তাঁর ড্রিম প্রজেক্ট ‘মহাভারত’ তৈরি করার পর অভিনয় জগৎ থেকে অবসর নেবেন। এ বিষয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেছেন, ‘মহাভারত’ আমার শেষ ছবি নয়। সমস্যা এখানেই, যাই বলি না কেন, মানুষ ভুল বোঝেন। কথার ভুল ব্যাখ্যা করেন। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি কোনও ছবি তৈরি করে অবসর নিতে চাই, সেটা কোন ছবি? এই ‘যদি’ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর শুনে সবাই ধরেই নিলেন আমার শেষ ছবি ‘মহাভারত’।’
২০ জুন ‘সিতারে জমিন পর’ মুক্তি পাওয়ার পর ‘মহাভারত’-এর কাজ শুরু করবেন আমির। আমির বলেন, ‘এটি আমার স্বপ্নের প্রজেক্ট হতে চলেছে। ‘মহাভারত’ তৈরি করলে মনে হবে, জীবনে আর কোনও কিছু করা বাকি নেই। সারা ব্রহ্মাণ্ড জুড়ে যাবে এই ছবির সঙ্গে।’








