রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেছেন, ২০২৫ সালে রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়াবে চীন।
তিনি বলেন, ক্রেতার সংখ্যা বেশি। অনেকেই রুশ সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করতে দূতাবাসের সহায়তা চাচ্ছে। আমার ধারণা, আমদানির পরিমাণ আরো বাড়বে।
গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেন, রাশিয়া থেকে চীনের জন্য প্রস্তাবিত পাওয়ার অব সাইবেরিয়া-২ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। তবে এর রুট এখনো চূড়ান্ত হয়নি।
রাশিয়া উত্তরাঞ্চলীয় ইয়ামাল অঞ্চল থেকে মঙ্গোলিয়া হয়ে চীনে প্রতি বছর ৫০ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহের লক্ষ্যে ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ গ্যাস পাইপলাইন নির্মাণে বেইজিংয়ের সঙ্গে বহু বছর ধরে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষ প্রাকৃতিক গ্যাস সরবরাহের শর্তে একমত হতে পারেনি।
রুশ বার্তা সংস্থা তাস চীনা শুল্ক বিভাগের বরাত দিয়ে জানায়, গত বছর রাশিয়া থেকে চীনে এলএনজি রফতানি ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৩ লাখ টনে পৌঁছেছে।
রাশিয়া বর্তমানে অস্ট্রেলিয়া ও কাতারের পর চীনের তৃতীয় বৃহত্তম এলএনজি সরবরাহকারী। এলএনজি সরবরাহকারী অন্যান্য প্রধান দেশের মধ্যে রয়েছে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র।
সূত্র: রয়টার্স








