কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিয়াক সুং বলেছেন, যথাযথ কৌশল গ্রহণ ও কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ শিগগিরই বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘টেক্সটাইল ও পোশাক’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
কিয়াক সুং বলেন, বাংলাদেশ বর্তমানে একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে।
তিনি বলেন, শীর্ষস্থান অধিকারের লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শ্রমিকদের দক্ষতা উন্নত ও হাতে তৈরি সুতার জন্য নিজস্ব উৎপাদন সুবিধা স্থাপন করতে হবে।
এ সময় নীতি সহায়তার গুরুত্ব ও বিপুল সংখ্যক বন্ডেড গুদামের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন কোরিয়ান ইপিজেডের এই প্রতিষ্ঠাতা।
তিনি আর বলেন, এগুলো কাঁচামালের দ্রুত প্রাপ্তি নিশ্চিত করবে, যার ফলে নির্মাতারা আরও দক্ষতার সঙ্গে পণ্য উৎপাদন ও রপ্তানি করতে পারবেন।
তিনি সতর্ক করে বলেন, আমাদের উচ্চমূল্যের পোশাক উৎপাদনের ওপর মনোযোগ দিতে হবে, অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠবে।
সূত্র: বাসস








